কলকাতা: এবার রাজ্যের ভূয়সী প্রশংসা রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে। রাজ্যের সাফল্য নিয়ে গর্বিত তিনি। বাজেট অধিবেশনের(Budget Session) সূচনা ভাষণে এমনই বাণী শোনা গেল রাজ্যপালের মুখে। ভাষণ শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় রাজ্যপালকে।
বিধানসভায় সংক্ষিপ্ত ভাষণেই বক্তৃতা শেষ করেন রাজ্যপাল। তাঁর ভাষণে রাজ্য সরকারের নানা কাজের কথা তুলে ধরেছেন। তবে তাঁর হাতে বক্তৃতার যে লিখিত অংশ ছিল, তা পুরোটা পাঠ করেননি রাজ্যপাল। সূত্রের খবর, লিখিত বক্তৃতার প্রথম এবং শেষ পৃষ্ঠার কিছু অংশ পাঠ করেছেন। মেরেকেটে সাড়ে চার মিনিটের বক্তৃতা দেন বোস।
বৃহস্পতিবার মমতার তৃতীয় দফার সরকারের শেষ বাজেট। দস্তুর হল, রাজ্যপালের বক্তৃতা দিয়েই বাজেট অধিবেশন(Budget Session) শুরু হয়। কিন্তু বোস বক্তৃতা শুরু করার আগে থেকেই শাসক এবং বিরোধী শিবিরের স্লোগান-পালটা স্লোগানে উত্তাল হয় বিধানসভা। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হতেই ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি তোলেন শুভেন্দু অধিকারী। স্লোগান দেয় বিজেপি পরিষদী দলও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা। এসবের মাঝেই বিধানসভায় বক্তৃতা শুরু করেন বোস।




