কলকাতা: বুধবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের TK 727 যাত্রীবাহী বিমানটি নেপালের কাঠমান্ডু থেকে ইস্তানবুলের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। কলকাতার আকাশসীমার কাছে পৌঁছানোর সময় বিমানটির ডানদিকের ইঞ্জিনে আগুন দেখা দেয়। বিমানে ছিলেন ২৩৬ জন যাত্রী, যারা অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন।
পাইলট সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। ATC থেকে সবুজ সংকেত পাওয়ার পর দমদম আন্তর্জাতিক বিমানবন্দর বিমানটি নিরাপদে অবতরণ করায়। আগেই বিমানবন্দর কর্তৃপক্ষ দমকল ও জরুরি সেবার দল প্রস্তুত রেখেছিলেন। যাত্রীদের অবিলম্বে নামিয়ে আনা হয় এবং তারা বর্তমানে বিমানবন্দর লাউঞ্জে অবস্থান করছেন।
বর্তমানে বিমানটির মেরামতির কাজ চলছে। এয়ারলাইন্স সূত্রে জানানো হয়েছে, সব ঠিকঠাক হলে ফের যাত্রীদের নিয়ে ইস্তানবুলের উদ্দেশ্যে বিমানটি রওনা দেবে। বিশেষজ্ঞরা বলেন, মাঝ আকাশে এই ধরনের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে বড় ধরনের বিপদ তৈরি হতে পারে। তবে বারবার এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্নও ওঠে, বিমান ছাড়ার আগে নিরাপত্তা পরীক্ষা ও যান্ত্রিক নিরীক্ষা যথাযথভাবে হচ্ছে কি না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




