ওড়িশা: বিজেপি শাসিত রাজ্যে আবারও ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এল। নাবালিকাকে গণধর্ষণের(Gang-Raped) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার বোলাঙ্গির জেলায়। এই ঘটনায় ছয় জন নাবালককে আটক করেছে পুলিশ। ধৃতরা সকলেই নির্যাতিতার পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত কিশোরেরা মোবাইলে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অশ্লীল ভিডিয়ো দেখে প্রভাবিত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর নবম শ্রেণির ওই ছাত্রী কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। অভিযোগ, তাকে একটি নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ(Gang-Raped) করা হয়। মূল অভিযুক্তের বয়স ১৭ বছর। বাকি অভিযুক্তদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছিল। পরে সেই ভিডিয়ো ফাঁস করার হুমকি দিয়ে কিশোরীকে ভয় দেখানো হয়। এই কারণেই প্রথমে পরিবারকে কিছু জানাতে পারেনি সে বলে পুলিশের অনুমান।
সম্প্রতি নির্যাতনের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ছয় জনকেই আটক করা হয়েছে এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়েছে। তদন্ত চলছে।




