মুম্বই: গত ২৮ জানুয়ারি বারামতী বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় ভেঙে পড়েছিল অজিত পাওয়ারের বিমানটি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার পরেই একাধিক অভিযোগ সামনে আসে। যা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এই আবহেই এবার দুর্ঘটনার আগে অজিত পাওয়ারের(Ajit Pawer) ফোনে শেষ কথোপকথনের অডিও প্রকাশ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি।
মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা হওয়ার আগে অজিত পাওয়ারের কথা হয়েছিল দলেরই এক সদস্য শ্রীজিত পাওয়ারের সঙ্গে। এবার সেই অডিও ক্লিপই প্রকাশ্যে আনা হল। ফোনে তাঁর শেষ কথোপকথনে, ঐক্যের বার্তা দিয়েছিলেন অজিত পাওয়ার। সব ধর্ম ও জাতিকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেছিলেন।
শ্রীজিত পাওয়ার জানান, তিনি অজিত পাওয়ারকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। নেটওয়ার্ক কভারেজের আওতায় এলেই তাঁকে ফোন করার কথা বলেছিলেন শ্রীজিত। তাঁর সংযোজন, “অজিত(Ajit Pawer) দাদা আর আমি একই গ্রামের। একটা ব্যাপারে ওঁকে আমি মেসেজ পাঠিয়েছিলাম। বলেছিলাম, নেটওয়ার্ক কভারেজে এলেই ফোন করতে। উনি করেওছিলেন। উনি বলেছিলেন সব ধর্ম ও জাতিকে সঙ্গে নিয়ে চলতে হবে।”
শ্রীজিত বলেন, “এই অডিও কল রেকর্ড সবারই সামনে আনা হয়েছে যাতে মহারাষ্ট্র বুঝতে পারে যে তাঁর নিঃশ্বাস পর্যন্ত অজিত দাদা কী ভাবতেন।” এই অডিও ক্লিপে অজিত পাওয়ারকে বলতে শোনা যায়, ‘সমস্ত জাতি ও ধর্মকে আমাদের সঙ্গে করে চলতে হবে।’ তিনি আরও বলেন, ‘মালি সম্প্রদায়কে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে। আমরা সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছি।’




