নয়াদিল্লি: আগেই জানিয়েছিলেন এসআইআর মামলার শুনানিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সওয়াল করতে পারে। তিন দশক পরে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে হাজির হলেন মুখ্যমন্ত্রী। নিজেই নিজের দায়ের করা মামলায় সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আইনজীবী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বঙ্গবাসীর হয়ে তাঁর এই সওয়াল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বক্তব্য, ”আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতির মাধ্যমে নাম বাতিলের প্রক্রিয়া চলছে। কোথাও কোনও মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে, পদবি বদলেছে। তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এছাড়া কেউ হয়তো অন্যত্র ফ্ল্যাট কিনে উঠে গিয়েছেন, তাঁর নামও বাদ”।
মমতা বলেন, “আমরা চাই, কোনও বৈধ ভোটারের যেন বাদ না পড়ে। এনিয়ে আমি নির্বাচন কমিশনকে ৬টি চিঠি লিখেছি, একটিরও উত্তর পাইনি। কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে। সুবিচারের জন্য কাঁদছি।” এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, ”সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নথি হিসেবে আধার কার্ড নেওয়া হচ্ছে না।”
উল্লেখ্য, এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে সামনের সারিতে, আইনজীবীদের পাশে। সওয়াল-জবাব চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে ৫ মিনিট সময় চেয়ে নেন বক্তব্য রাখার জন্য। তাঁকে অনুমতি দেন বিচারপতিরা।




