কলকাতা: রেকর্ড সাফল্যের মধ্য দিয়ে শেষ হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।(Kolkata Book Fair) বইমেলার শেষ দিনেও পাঠক ও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছে, এবছর বইমেলায় প্রায় ৩২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বইমেলার সাফল্যের বড় কারণ বই বিক্রির অঙ্ক। গিল্ড কর্তা ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের মতে, এবছর বইমেলায় মোট বিক্রি হয়েছে প্রায় ২৬ কোটি ৪৫ লক্ষ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। বহু প্রকাশকই জানিয়েছেন, এবারের বিক্রি তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।
বইমেলার(Kolkata Book Fair) শেষ দিনে ক্রেতাদের আকর্ষণ করতে বেশ কিছু স্টলে বিশেষ ছাড় দেওয়া হয়। সাধারণ ছাড়ের পাশাপাশি শেষ দিনে অনেক স্টলে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকায় বই কেনার উন্মাদনা আরও বেড়ে যায়। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত স্টলগুলিতে ভিড় ছিল অব্যাহত। এবছরের বইমেলায় বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের চাহিদাও চোখে পড়ার মতো ছিল। তরুণ প্রজন্মের মধ্যে উপন্যাস, নন-ফিকশন ও শিশু সাহিত্যের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রকাশকদের মতে, ডিজিটাল মাধ্যমের দাপটের মধ্যেও মুদ্রিত বইয়ের জনপ্রিয়তা অটুট রয়েছে। আগামী বছর কলকাতা বইমেলা সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিতে চলেছে। সেই উপলক্ষে পাঠকদের আগ্রহের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতির পথে হাঁটছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।




