কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শুরু হয়েছে পাঁচ দিনের বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী।(Handicraft Exhibition) কামারপুকুর ব্রাহ্ম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে এক ছাদের নিচে মিলছে শিশুদের খেলনা, সাজসজ্জার সামগ্রী, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এবং হ্যান্ডমেড জুয়েলারি। ছোটদের সামগ্রী থেকে বড়দের পোশাক, সবই এখানে পাওয়া যাচ্ছে।
প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রামসহ অন্যান্য জেলা থেকে আসা শিল্পীরা তাদের স্টল সাজিয়েছেন। প্রথম দিন থেকেই রঙিন স্টল এবং বৈচিত্র্যময় সামগ্রী ক্রেতাদের নজর কেড়েছে। প্রতিটি স্টলে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
হ্যান্ডমেড জুয়েলারি, ঐতিহ্যবাহী শাড়ি এবং আধুনিক কুর্তি ও পাঞ্জাবির স্টলগুলোতে ক্রেতাদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। শিশুদের খেলনা এবং সাজসজ্জার সামগ্রীও এই প্রদর্শনীর(Handicraft Exhibition) অন্যতম আকর্ষণ। শিল্পীরা ক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করে পণ্যের বৈশিষ্ট্য ও তৈরি প্রক্রিয়া জানাচ্ছেন, যা ক্রেতাদের আগ্রহ আরও বাড়াচ্ছে।
পণ্যের দাম রাখা হয়েছে সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে মাত্র ৫ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত। সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত পরিবার পর্যন্ত সবাই সহজেই কিনতে পারছেন পছন্দমতো জিনিস। প্রদর্শনীতে আসা ক্রেতারা জানিয়েছেন, “এ ধরনের মেলা আমাদের এলাকার মানুষের জন্য শপিং এবং বিনোদনের এক দারুণ সুযোগ।” কেউ নিজের জন্য কেনাকাটা করছেন, কেউ আবার উপহারের জন্য সামগ্রী বেছে নিচ্ছেন।
গত পাঁচ বছর ধরে কাঁথিতে নিয়মিতভাবে এই ধরনের প্রদর্শনী হচ্ছে। প্রতি বছরই স্থানীয়দের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। এবছরও প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রদর্শনী চলবে পাঁচ দিন, যা কাঁথি এবং আশেপাশের এলাকার মানুষের জন্য এক দারুণ কেনাকাটা ও বিনোদনের সুযোগ।




