কলকাতা: শহরাঞ্চলের গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য আবাসনের সুযোগ আরও বাড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার। গ্রামাঞ্চলের পর এবার শহরের পুরসভা এলাকাগুলিতেও ‘বাংলার বাড়ি’(Banglar Bari) প্রকল্পের আওতায় পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শহরাঞ্চলে নতুন করে প্রায় দেড় লক্ষ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপভোক্তা নির্বাচন প্রক্রিয়ায় এবার কড়া নজরদারি রাখা হবে, যাতে প্রকৃত প্রাপকই এই প্রকল্পের সুবিধা পান। এজন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ ও যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। উপভোক্তার মোবাইল নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে আবেদন সম্পন্ন হবে। একই সঙ্গে আধার-ভিত্তিক তথ্য যাচাই করে দেখা হবে, আবেদনকারী আগে কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নিয়েছেন কি না। এই প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তার নামে অন্তত সাড়ে তিনশো বর্গফুট জমি থাকা আবশ্যক বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, শহুরে আবাস যোজনার অধীনে ইতিমধ্যেই রাজ্যে ৩ লক্ষ ৪৩ হাজার বাড়ি নির্মাণ শেষ হয়েছে।(Banglar Bari) বর্তমানে আরও ১ লক্ষ ৪০ হাজার বাড়ি নির্মাণাধীন রয়েছে। এই প্রকল্পের ধারাবাহিকতায় নতুন করে দেড় লক্ষ উপভোক্তা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় গ্রামীণ এলাকায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু রেখেছে। শহরাঞ্চলে একজন উপভোক্তা মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা পান। এর মধ্যে রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা, কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা এবং বাকি ২৫ হাজার টাকা উপভোক্তাকেই বহন করতে হয়।




