কলকাতা: এসআইআর ঘিরে ফের আতঙ্ক ছড়াল বাংলায়। প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবীর ৯৫ বছরের বৃদ্ধ বাবা সৈয়দ মেহবুবন নবীকে এসআইআর হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সেই চিঠি হাতে পাওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
পরিবারের দাবি, নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন বৃদ্ধ। বারবার উদ্বেগের সঙ্গে বলতে থাকেন,
“এই বয়সে দাঁড়িয়ে কি আবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে?” এই মানসিক চাপের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ভারতের হয়ে ফুটবল খেলেছি। তবুও আমাকে নোটিশ পাঠানো হয়েছে। এবার আমার ৯৫ বছরের বাবাকেও একই প্রশ্নের মুখে দাঁড় করানো হল। বাবার এই অবস্থার জন্য নির্বাচন কমিশন দায়ী।”
শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির নির্দেশে পরিচালিত নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়াই রাজ্যে একের পর এক মানবিক সংকটের জন্ম দিচ্ছে। দলের দাবি, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই প্রায় ১৪০ জনের মৃত্যু হয়েছে।




