গাজিয়াবাদ: গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনায় প্রাণ হারাল তিন কিশোরী বোন। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে৷(Ghaziabad) পুলিশ সূত্রে খবর, একটি বহুতলের দশম তলার ব্যালকনি থেকে লাফ দিয়ে মৃত্যু হয়েছে তাদের। নিহতদের বয়স ১২, ১৪ ও ১৬ বছর। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ, যেখানে লেখা ছিল—‘মাম্মি, পাপা সরি’।
স্থানীয়দের বক্তব্য, রাত আনুমানিক ২টা ১৫ মিনিট নাগাদ হঠাৎই প্রবল শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। কী হয়েছে বুঝতে না পেরে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনার কথাই উঠে এসেছে। তবে কেন তিন বোন একসঙ্গে এমন সিদ্ধান্ত নিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি, নিহতদের অতিরিক্ত মোবাইল ব্যবহার ও অনলাইন গেমিংয়ের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। জানা যাচ্ছে, তারা একটি কোরিয়ান অনলাইন গেমিং অ্যাপে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিল।
ঘটনার পর থেকেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, তিন কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হতে পারে বলেও পুলিশ(Ghaziabad) সূত্রে জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷




