মুম্বই: ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে(Mumbai Airport) যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ ঘিরে অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল। রানওয়ের ট্যাক্সিওয়েতে চলাচলের সময় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুটি বিমানের ডানার ডগা একে অপরের সঙ্গে লেগে যায়।
ঘটনাটি ঘটে যখন মুম্বই–কোয়েম্বাটোর রুটের এয়ার ইন্ডিয়ার বিমানটি টেকঅফের আগে পুশব্যাক অবস্থায় ছিল।(Mumbai Airport) একই সময়ে হায়দরাবাদ থেকে আগত ইন্ডিগোর বিমানটি অবতরণের পর পার্কিংয়ের দিকে যাচ্ছিল। ওই সময়েই ট্যাক্সিওয়েতে দুই বিমানের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব বজায় না থাকায় ডানদিকের ডানার ডগায় সংঘর্ষ ঘটে। হঠাৎ ধাক্কায় বিমানের ভিতরে কম্পন অনুভূত হওয়ায় যাত্রীদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায়। তবে দ্রুত এটিসি এবং গ্রাউন্ড স্টাফরা পরিস্থিতি সামাল দেন। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে দুটি বিমানের উড়ান বাতিল করা হয় এবং বিমানগুলো গ্রাউন্ডেড করা হয়।
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সংঘর্ষের ফলে উভয় বিমানের ডানার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো—দুই সংস্থাই জানিয়েছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, দুটি বিমানই এয়ারবাস A320 মডেলের। গ্রাউন্ড মুভমেন্টের সময় কোথায় এবং কীভাবে ক্লিয়ারেন্স ল্যাপস হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চলছে।




