কলকাতা: চলতি বছরে মাঘ মাসেই শীত প্রায় ভ্যানিশ হতে বসেছিল। জানুয়ারির শেষেও শীত উধাও হয়েছিল। শীত বিদায় নিয়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সকালে বদলেছে আবহাওয়া। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। কুয়াশা অব্যাহত। যার জেরে দৃশ্যমানতা কমেছে। ফলে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।
আবার, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলোতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা।
এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকটা দিন উপকূল সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। তবে বেলা বাড়তেই শীতের আমেজ কমবে। অনুভূত হবে গরম।
মঙ্গলবার সকাল থেকেই কুয়াশা দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশায় মুড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকা। বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। ফলে শহর ও জেলায় শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত ওঠানামা করবে তাপমাত্রা।
উল্লেখ্য, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে। চরম ঘন কুয়াশার সতর্কতা উত্তরপ্রদেশ, দিল্লিতে।




