বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) আইনজীবী হিসাবে সওয়ালও করবেন তিনি। তৃণমূলের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েও সেই ইঙ্গিত করা হয় আগেই। নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
এদিন সকাল ১০টার পরেই দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাংলো থেকে বেরিয়ে সুুপ্রিম কোর্টে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অন্য আইনজীবীরা। তাঁর করা এসআইআর সংক্রান্ত মামলায় মমতা নিজেই সওয়াল করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সেই সময়ে তাঁর পরনে আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক কালো গাউন বা শামলা ছিল না। তবে গলায় ছিল একটি কালো চাদর। এক নম্বর এজলাসে যান তিনি।
সুপ্রিম কোর্টে মমতার(Mamata Banerjee) আবেদন, পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজ়ারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। এর পাশাপাশি তাঁর আর্জি, মাইক্রো অবজ়ারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন। যেমন—শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ।
যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন মমতা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে তাঁর আবেদন, ভবিষ্যতে গণহারে ফর্ম-৭ জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যাঁরা ফর্ম-৭ জমা দিচ্ছেন, তাঁদেরকে শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়ার আবেদনও জানিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাইপ্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মমতার আর্জি, যে সব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে সব ক্ষেত্রে স্থানীয় ইআরও-কে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন।




