বসিরহাট: এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে বসিরহাটের হাড়োয়া ব্লকে চরম ভোগান্তির চিত্র ধরা পড়ল। হাড়োয়া ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে একদিনে প্রায় ৪২০০ জন মানুষকে শুনানির জন্য হাজির হতে বলা হয়। এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ডাকা হওয়ায় সকাল থেকেই অফিস চত্বরে তৈরি হয় দীর্ঘ লাইন ও অস্বাভাবিক ভিড়।
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে দুপুরের দিকে তিনজন অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মহিলারা হলেন শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামের বাসিন্দা রশিদা বিবি, আজমিরা বিবি ও ফিরোজা বিবি। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচণ্ড গরম ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তাঁরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনকেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, অন্তঃসত্ত্বা হওয়ায় এই ধরনের শারীরিক চাপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
হাসপাতালে চিকিৎসাধীন রশিদা বিবি বলেন, “নামের ভুল দেখিয়ে শুনানিতে ডাকা হয়েছিল। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। মাথা ঘুরে পড়ে যাই। আমাদের জন্য কোনও আলাদা ব্যবস্থা ছিল না।” ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সার শুনানির নামে বৈধ ভোটার ও পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিকদের অহেতুক ডেকে মানসিক ও শারীরিক হয়রানি করা হচ্ছে।
এলাকার বাসিন্দা সুলেমান মোল্লা বলেন, “একদিনে এত মানুষ ডাকলে যে কী অবস্থা হবে, তা প্রশাসনের বোঝা উচিত ছিল।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিডিও অফিস চত্বরে পানীয় জল, বসার জায়গা কিংবা প্রাথমিক চিকিৎসার কোনও পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আরও অনেকে অসুস্থ বোধ করেন বলে অভিযোগ।




