বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এইমস বা কেন্দ্রীয় সরকারের বড় হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটি ছিল গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় বিজেপির প্রধান নির্বাচনী ইস্যু। সুকান্ত মজুমদার বিভিন্ন সভা ও প্রচারণায় বারবার আশ্বাস দিয়েছিলেন যে, উত্তরবঙ্গের মানুষ অচিরেই বড় হাসপাতালের সুবিধা পাবেন। তবে এবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ(Union Budget 2026) এই প্রতিশ্রুতির কোনও উল্লেখ নেই।
বাজেট(Union Budget 2026) ঘোষণার পরই রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের রাজ্যমন্ত্রী ও জেলা নেতা বিপ্লব মিত্র বলেছেন, “রায়গঞ্জে এইমস করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এবার বালুরঘাটের কথা বলছেন। ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কিন্তু তা আর হবে না। এখনও পর্যন্ত জেলার জন্য মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলা হয়নি। এইমস হবে এমন ভাবনা পুরোটাই অযৌক্তিক।”
তৃণমূলের ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। জেলা জুড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বালুরঘাটে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে ১৪০ কোটি টাকায়। গঙ্গারামপুরেও একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিজেপি এখনও এইমস বা কেন্দ্রীয় ধাঁচের হাসপাতাল প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছে।
বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রথমে রায়গঞ্জে এইমস হবে বলে প্রচার করা হয়। এরপর ভোটের আগে আবারও প্রচার শুরু হয়। ভোট শেষে বিজেপি এ বিষয়ে উচ্চবাচ্য বন্ধ করে দিয়েছে। এবার কেন্দ্রীয় বাজেটে কোনও ঘোষণা না থাকায় রাজনৈতিক চাপানউতোর নতুনভাবে শুরু হয়েছে।




