কলকাতা: ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা(Kolkata Book Fair) এবারও পাঠকপ্রেমীদের মন জয় করেছে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত মেলায় ভিড় ছাড়িয়েছে ২৫ লক্ষ। শেষ তিন দিনে আরও ভিড় বাড়তে পারে, ফলে গত বছরের ২৭ লক্ষের রেকর্ড ছাড়ানো প্রায় নিশ্চিত।
প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ঢল চোখে পড়েছে। ২৩ জানুয়ারি সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীর দিনে প্রায় আড়াই লক্ষ দর্শনার্থী এসেছিলেন। ২৪ জানুয়ারি শনিবার সাড়ে তিন লক্ষ, ২৫ জানুয়ারি রবিবার প্রায় চার লক্ষ এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেও প্রায় চার লক্ষ মানুষ বইমেলায় হাজির ছিলেন।
কাজের দিনগুলিতেও ভিড় উল্লেখযোগ্য ছিল। ২৭ জানুয়ারি দেড় লক্ষ, ২৮ জানুয়ারি ১ লক্ষ ৬০ হাজার, ২৯ জানুয়ারি ১ লক্ষ ৭৫ হাজার এবং ৩০ জানুয়ারি ২ লক্ষ ২৫ হাজার দর্শক মেলায় এসেছিলেন। ৩১ জানুয়ারি শনিবার ফের চার লক্ষ মানুষের সমাগম ঘটে। বইমেলার(Kolkata Book Fair) স্টলগুলোতে লম্বা লাইন, ভিতরে হাঁসফাঁস অবস্থা। দেড় থেকে দু’ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বই কিনছেন পাঠকরা। তবুও পাঠকদের উদ্দীপনা এবং বইয়ের প্রতি আগ্রহ দেখে প্রকাশক ও গিল্ড কর্তারা আপ্লুত।
গিল্ডের পরিসংখ্যান অনুযায়ী, উদ্বোধনের পর শনিবার পর্যন্ত বইমেলায় আগত দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ২৫ লক্ষ। গত বছর মোট ২৭ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবছর সেই রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা মাত্র। রবিবার ও শেষ দু’দিনের ভিড় ধরলে ৩০ লক্ষের গণ্ডিও অনায়াসে পেরিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
পাঠকদের এই বিপুল সাড়া দেখে আপ্লুত গিল্ড কর্তারা। তাঁদের কথায়, কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়, এটি এক আবেগ, এক সংস্কৃতি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ পাঠক সব বয়সের মানুষের অংশগ্রহণ এবারের বইমেলাকে বিশেষ মাত্রা দিয়েছে।




