নয়াদিল্লি: অবশেষে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্ঞানেশ কুমার মুখোমুখি। বারবার এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদ শেষে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এসআইআর-এর প্রতিবাদে কালো শাল পরে বিকেল ৪টের পর কমিশনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার ও মৃত ৩ বিএলও-র পরিবারও। সোমবার প্রতিবাদ স্বরূপ কালোপোশাকে দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সহ সকলকেই দেখা গিয়েছে কালো পোশাকে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকেই বেনজির ছবি দেখা যায় বঙ্গভবনে। বাংলার স্বজন হারানো পরিবারের সদস্যরা রয়েছেন বঙ্গভবনে। কিন্তু সেই ভবনই পুলিশে ছয়লাপ হয়ে যায়। এরপরই সেখান থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, এটা করবেন না। আমাদের মাসল পাওয়ার দেখাবেন না। সকাল থেকে বঙ্গ ভবন দিল্লি পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘরে ঘরে খুঁজে দেখছে, কে কে এসেছে। এটা করার অধিকার ওদের নেই।’’
প্রসঙ্গত, আজকের এই বৈঠকের পরেই মঙ্গলবার দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসবে চা-চক্র।




