নয়াদিল্লি: দীর্ঘ প্রতিবাদের পর অবশেষে জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখোমুখি বৈঠক মমতা-অভিষেকের। সোমবারই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে(Election Commission) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ থাকবেন তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরাও।
সোমবার বিকাল ৪টেয় বাংলার মুখ্যমন্ত্রী দেখা করতে পারবেন বলে সময় দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতো ১৫ জনের তৃণমূলের প্রতিনিধিদল এদিন বিকালে কমিশন(Election Commission) দফতরে গিয়ে এসআইআর নিয়ে স্বেচ্ছাচারিতা, মৃত্যু, জোর করে চাপিয়ে দেওয়া নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সদুত্তর দাবি করবেন। এদিন দিল্লিতে কমিশন দফতরে বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী সাউথ এভেনিউ-তে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন।
বাংলায় যে প্রক্রিয়ায় এসআইআর তা কতটা পক্ষপাতমূলক, প্রাণঘাতী, তা ছয়টি চিঠির মাধ্যমে এতদিন তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিকে সেই চিঠিতে এক আধটি পদক্ষেপ নিলেও বাংলার মুখ্যমন্ত্রীর চিঠিকে যেন ছেলেখেলা বলে মনে করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর আচরণ এবার বাধ্য করেছে বাংলার মুখ্যমন্ত্রীকে নির্বাচন দফতরে আসতে। সোমবার বিকালে যাবতীয় অভিযোগ নিয়ে সিইও দফতরে যাবে মুখ্যমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধিদল। থাকছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।




