কলকাতা: বাংলার বকেয়া টাকা এখনও শিকেয় ঝুলছে এদিকে মুখে একগুচ্ছ প্রতিশ্রুতি। সাধারণ বাজেটের(Union Budget 2026) মাধ্যমে কীভাবে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদি সরকার, তার আরও একটি বড় প্রমাণ সামনে এসেছে রবিবার৷ মনরেগা প্রকল্পের টাকা নিয়ে এখনও নীরব মোদী সরকার। বাংলার প্রাপ্য টাকা এখনও দিচ্ছে না কেন্দ্র।
সংসদে সাধারণ বাজেট(Union Budget 2026) পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, মোদি সরকারের গ্রামীণ রোজগার প্রকল্প ভিবি জি রামজির জন্য ৯৫,৬৯২.৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যতদিন পর্যন্ত না এই প্রকল্প পুরোদমে শুরু হচ্ছে ততদিন বহাল থাকবে মনরেগা প্রকল্প৷ তার জন্য মনরেগা খাতে বরাদ্দ করা হয়েছে ৩০,০০০ কোটি টাকা৷
কিন্তু আশ্চর্যের বিষয়, মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজ বাবদ কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য ৫২,০০০ কোটি টাকা৷ বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বাংলার এই টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেও বাংলার বকেয়া নিয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি৷
নতুন গ্রামীণ রোজগার প্রকল্পের জন্য ৯৫,৬৯২.৩১ কোটি টাকা এবং মনরেগা খাতে ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করার পাশাপাশি বাংলার বকেয়া টাকা নিয়ে কেন একটিও শব্দ খরচ করছে না কেন্দ্রীয় সরকার, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস৷ ফাঁকা বুলি আউড়ে আমজনতাকে বিভ্রান্ত করার অপচেষ্টা মোদি সরকারের। লোকসভায় দাঁড়িয়ে সাধারণ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রীর এমন অদ্ভুত ভূমিকা বিরোধীদের চোখে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।




