দিল্লি: রাজধানীতে ভেঙে পড়ল একটি কাঠামো৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির প্রীত বিহার এলাকায়৷ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, একটি বহুতল বসতবাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়েছে এবং ভিতরে বহু মানুষ আটকে থাকতে পারেন। সেই আশঙ্কাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ ও ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা এলাকা ঘিরে ফেলেন এবং সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়েছেন কি না, তা জানতে বিশেষ যন্ত্রের সাহায্যে তল্লাশি চালানো হয়। যদিও কিছু সময় পরে পরিষ্কার হয়, এটি কোনও আবাসিক ভবন নয়। বরং দিল্লি জল বোর্ডের একটি বহু পুরনো দফতরের ফল্স সিলিং বা ছাদের অংশ ভেঙে পড়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ভাঙা কাঠামোর ভিতরে কেউ উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করতে সম্পূর্ণ এলাকা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবুও সতর্কতা হিসেবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং ভাঙা অংশ সম্পূর্ণভাবে সরানো না পর্যন্ত এলাকা নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই ওই দফতরটি ব্যবহার হচ্ছিল না। রক্ষণাবেক্ষণের অভাবে ছাদ দুর্বল হয়ে পড়েছিল। তারা বলছেন, প্রশাসন আগেভাগে ব্যবস্থা নিতেই এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি এড়ানো যেত।




