মুম্বই: বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এরপরেই এনসিপির দলনেত্রী নির্বাচনের ঘোষণা হয়েছিল শুক্রবারেই৷ এবার এনসিপির তরফে জানানো হল, শনিবারই মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সদ্যপ্রয়াত অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা।(Sunetra Pawar) এবার সেই জন্যই মুম্বইয়ে হাজির এনসিপির বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যেরা। প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে মহারাষ্ট্র।
বর্তমানে সুনেত্রা রাজ্যসভার সাংসদ। ফলে উপমুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নিলে বিধানসভা অথবা বিধান পরিষদের উপনির্বাচনে জিততে হবে। সেইমতোই তাঁকে আনুষ্ঠানিক ভাবে নেতা নির্বাচিত করার জন্য শনিবার সকালেই এনসিপি পরিষদয়ীয় দলে বৈঠক ডাকা হয়েছে।
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবিশ সরকারি বাসভবন বর্ষায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করছিলেন এনসিপি নেতা ছগন ভুজবল, প্রফুল পটেল, এবং সুনীল তটকরে। ফড়ণবিশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী অজিতের হাতে অর্থ, আবগারি, ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। সূত্রের খবর, সেগুলি চেয়ে দরবার করেছেন প্রফুলেরা।
বৈঠকের পরে ছগন বলেন, ‘‘শনিবার (৩১ জানুয়ারি) এনসিপি পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিক ভাবে সুনেত্রা পওয়ারকে(Sunetra Pawar) দলনেত্রী নির্বাচিত করা হবে।’’ মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছগনের ঘোষণা, অজিতের স্থানে সুনেত্রাই দলের তরফে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ফড়নবিশ আমাদের জানিয়েছেন, শনিবার শপথগ্রহণ হলেও তাঁর কোনও আপত্তি নেই। তবে কবে শপথ হবে সে বিষয়ে শনিবারই এনসিপি পরিষদীয় দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন ছগন।




