উত্তরপ্রদেশ: স্ত্রীকে সকলের সামনে ‘বাঁদর’ বলে মজাচ্ছলে ঠাট্টা করেছিলেন স্বামী। সেই অপমানের পর নীরবে ঘরের ভিতরে চলে যান তরুণী। এরপর দীর্ঘ সময় কেটে যায়৷ কিন্তু স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসছিলেন না৷ অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি৷ এরপরই ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘিরে শোক ও ধোঁয়াশা ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগর থানার অন্তর্গত তকরোহী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম তনু সিংহ। তাঁর বাড়ি লখনউয়ের সওয়াদতগঞ্জের লকড়মন্ডী এলাকায়। চার বছর আগে তনুর বিয়ে হয় ইন্দিরানগরের বাসিন্দা রাহুল শ্রীবাস্তবের সঙ্গে। রাহুল পেশায় একজন অটোচালক। দম্পতি ইন্দিরানগরেই থাকতেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সীতাপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরেন তনু ও রাহুল। সেই সময় তাঁদের বাড়িতেও কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন। বাড়ির মধ্যে হাসি-ঠাট্টা, গল্পগুজব চলছিল। ঠিক সেই সময়ই সকলের সামনে স্ত্রী তনুকে ‘বাঁদর’ বলে সম্বোধন করেন রাহুল।
যদিও বিষয়টি তিনি মজা করেই বলেছেন বলে দাবি করা হচ্ছে, কিন্তু সেই মন্তব্যে গভীরভাবে আঘাত পান তনু। স্বামীর মুখে এমন কথা শোনার পর কোনও প্রতিবাদ না করে চুপচাপ ঘরের ভিতরে চলে যান তনু। পরিবারের সদস্যরা তখনও গল্পে মশগুল ছিলেন। ফলে কেউ খেয়াল করেননি যে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তনু ঘর থেকে বেরিয়ে আসছেন না। প্রায় এক ঘণ্টা পর সন্দেহ হওয়ায় রাহুল দরজায় ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মারতেই চিৎকার করে ওঠেন তিনি। ঘরের ভিতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তনুর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ইন্দিরানগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তনুর বোনের দাবি, তনুর মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। নিজের স্বপ্ন নিয়ে প্রায়ই কথা বলতেন তিনি। পরিবার মনে করছে, বারবার কটূক্তি ও অপমানের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তনু। স্বামীর ওই মন্তব্যই কি শেষ পর্যন্ত তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল তা নিয়েই উঠছে প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় মানসিক নির্যাতনের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।




