কলকাতা: পানীয় জল সরবরাহকে আরও স্থায়ী ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার৷ তাই কলকাতা পুরসভা নতুন জলপ্রকল্প(Water Project) চালু করতে চলেছে৷ গার্ডেনরিচের ময়লা ডিপোতে নির্মিত হবে এই জলপ্রকল্প। এটি দক্ষিণ কলকাতার পানীয় জলের চাহিদা আগামী ২৫ বছর পর্যন্ত পূরণ করবে।
শহরের বাড়ির সংখ্যা কমলেও বহুতল ও আবাসিক দ্রুত বৃদ্ধির কারণে জলের চাহিদা দিন দিন বাড়ছে। নতুন জলপ্রকল্পের(Water Project) উৎপাদন ক্ষমতা হবে ৪০ মিলিয়ন গ্যালন জল। রাজ্য সরকারের নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পর প্রকল্পের কাজ শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিমের কথায়, “এই প্রকল্প কার্যকর হলে আগামী ২৫ বছর কলকাতায় জলের কোনো সমস্যা হবে না।”
গার্ডেনরিচ জলপ্রকল্প ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক। এই পাম্পিং স্টেশনগুলো দক্ষিণ কলকাতার বাসিন্দাদের নিরবিচ্ছিন্নভাবে পানীয় জল সরবরাহ নিশ্চিত করছে।
রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার সমন্বয়ে নেওয়া এই উদ্যোগ শহরের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনী মরশুমের আগে এই প্রকল্পের ঘোষণা অনেকটাই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগামী ২৫ বছরের জন্য শহরের বাসিন্দারা জলের নিশ্চিন্তিতে থাকতে পারবেন। এটি শহরের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং নাগরিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছে সাধারণ মানুষ৷




