কলকাতা: পারদ চড়ল দক্ষিণবঙ্গে। আগামী ৭ দিনে উত্তর বা দক্ষিণে আবহাওয়ার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতার পারদ প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। তবে শীতের বিদায়পর্ব হলেও কুয়াশার দাপট বজায় থাকবে বঙ্গে। ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।(Weather Forecast)
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে শুক্রবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। আপাতত পশ্চিমবঙ্গে নতুন করে পারদপতনের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকতে পারে বেশ কিছু জেলা।
শুক্রবার ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে কুয়াশার দাপট।
দক্ষিণবঙ্গেও পাঁচ জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।(Weather Forecast)
শুক্রবার ভোরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫-১৬ ডিগ্রির ঘরে। কল্যাণীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে। শুধুমাত্র দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।




