কলকাতা: আজ ৩০ জানুয়ারি, জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে গান্ধীজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজমাধ্যমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) তাঁর পোস্টে উঠে এসেছে গান্ধীজির আদর্শ, অহিংসার দর্শন এবং সর্বোপরি দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষার প্রয়োজনীয়তার কথা। একতার মধ্যেই যে দেশের প্রকৃত শক্তি নিহিত, সে কথাই ফের একবার মনে করিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, মহাত্মা গান্ধী এমন এক ব্যক্তিত্ব যাঁর জীবন ও চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক। স্বাধীনতা আন্দোলনের সময় অহিংস আন্দোলনের মাধ্যমে তিনি গোটা বিশ্বের সামনে ভারতের নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। ক্ষমতার লড়াই নয়, ন্যায় ও সত্যের পথে চলেই যে পরিবর্তন আনা সম্ভব—গান্ধীজি সেটাই শিখিয়েছিলেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আরও বলেন, গান্ধীজির আদর্শের অন্যতম ভিত্তি ছিল সকলকে নিয়ে চলার মানসিকতা। ধর্ম, ভাষা কিংবা মতের পার্থক্য থাকা সত্ত্বেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক। মুখ্যমন্ত্রীর মতে, সেই ঐক্যের ভাবনাই আজকের দিনে আরও বেশি করে প্রয়োজন, যখন সমাজের বিভিন্ন স্তরে বিভাজনের প্রবণতা চোখে পড়ছে।
গণতন্ত্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, এটি কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, বরং মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রকে দুর্বল করার যেকোনও চেষ্টার বিরুদ্ধেই গান্ধীজির আদর্শ আমাদের সচেতন করে তোলে। অহিংস প্রতিবাদ, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান—এই তিনের উপর দাঁড়িয়েই একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে বলে মনে করেন তিনি।




