বোলপুর: বিশ্বভারতী(Visva-Bharati) বিশ্ববিদ্যালয় সম্প্রতি রবীন্দ্রভবন ও আশ্রম চত্বরে উচ্চপদস্থ ব্যক্তিদের প্রবেশমূল্য ছাড় সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, সামরিক প্রধান এবং রাষ্ট্রদূতসহ মোট ১০৬ জন উচ্চপদস্থ পদাধিকারী প্রবেশমূল্য ছাড় নিয়ে রবীন্দ্রভবন মিউজিয়াম এবং ঐতিহ্যপূর্ণ আশ্রম চত্বরের হেরিটেজ ওয়াক পরিদর্শন করতে পারবেন।
নতুন এই নির্দেশিকা প্রকাশের পরই প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, অতীতে দেশের এবং বিদেশের বিশিষ্ট অতিথিরা নির্দিষ্ট প্রোটোকল মেনে শান্তিনিকেতন পরিদর্শন করতেন। কখনও আলাদা করে এমন তালিকা প্রকাশ করা হয়নি।
বিশ্বভারতীর(Visva-Bharati) নতুন নির্দেশিকা অনুযায়ী, উপাচার্য প্রবীর কুমার ঘোষের অনুমোদনে পূর্বের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। আশ্রমিকরা মনে করছেন, নির্দিষ্ট পদাধিকারীদের জন্য আলাদা প্রবেশমূল্য ছাড়ের তালিকা প্রকাশ করা বিভাজনের ইঙ্গিত বহন করে।
শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “বিশ্বভারতী একটি হেরিটেজ এলাকা। তবে উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য আলাদা নিয়ম দেখানোর কোনো যৌক্তিকতা নেই। এটি সাধারণ দর্শনার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।”




