কলকাতা: ইতিমধ্যেই বিধানসভার অন্তর্বর্তী বাজেট(Interim Budget) অধিবেশন পিছিয়ে গিয়েছে। এবার যার জেরে বদলে যেতে পারে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের দিন। এমনটাই খবর মিলছে প্রশাসনিক সূত্রে। পূর্বে নির্ধারিত দিন ছিল ২ ফেব্রুয়ারি। তবে জানা যাচ্ছে, ২ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে মন্ত্রিসভার বৈঠকের দিন বদলের সম্ভাবনা প্রবল।
রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট(Interim Budget) অধিবেশন ৩১ জানুয়ারির বদলে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ৪ ফেব্রুয়ারি মুসলিম ধর্মাবলম্বীদের শবেবরাত উৎসবের জন্য সরকারি ছুটি দেওয়া হয়েছে, তাই ওই দিন বিধানসভার অধিবেশন বসবে না। ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য সরকার। সপ্তদশ বিধানসভার শেষ বাজেট হবে এটি। তাই বাজেট পেশের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক করে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের অন্তর্বর্তিকালীন বাজেটে অনুমোদন নেবেন মন্ত্রিসভা থেকে।
পূর্বে ঠিক হয়েছিল, ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে। সেই বৈঠকে তাঁর নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তিকালীন বাজেটে অনুমোদন দেবে মন্ত্রিসভা। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সূচির বদল হচ্ছে। সরকারিভাবে বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করার দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিধানসভায় স্পিকারের ঘরে কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই দিনই বিধানসভার বাজেট অধিবেশনের সূচি ঘোষণা করবেন তিনি। সেই ঘোষণার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই মন্ত্রিসভার বিশেষ বৈঠকের নির্ঘণ্ট ঘোষণা করবে নবান্ন।
মনে করা হচ্ছে, বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন ৩ ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলে আরও কিছুদিন বাড়ানো হতে পারে। কারণ, ৩ ফেব্রুয়ারি বিধানসভায় শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। এরপর শবেবরাতের ছুটি ৪ ফেব্রুয়ারিতে এবং ৫ -এ বাজেট অধিবেশন। আবার, মাঝে দু’দিন শনি ও রবিবারের কারণে অধিবেশন বসবে না। তাই কর্মদিবস বলতে ৬ এবং ৯ ফেব্রুয়ারি। তাই আরও কয়েকদিন সময় বাড়ার সম্ভাবনা।




