মেটিয়াবুরুজ: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উদ্যোগে অনুষ্ঠিত ‘সেবাশ্রয়–২’ স্বাস্থ্য শিবিরে ৫৪ দিনের মধ্যে ৪ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। দীর্ঘ দেড় মাস ধরে চলা এই শিবিরের শেষ দিনে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে মেগা–ক্যাম্প পরিদর্শন করেন অভিষেক।
মেটিয়াবুরুজে শিবির চলাকালীন সময়ে একাধিক জটিল কেসকে বিশেষ হাসপাতালের রেফার করা হয়েছে। এর মধ্যে অন্যতম কেস হল ১০ বছর বয়সী অনুরাগ পাল। ডেঙ্গির সংক্রমণের কারণে অনুরাগের বাঁ পা অশক্ত হয়ে পড়েছিল। বিষ্ণুপুর বিধানসভায় শিবিরে অনুরাগকে আনা হয়। অভিষেক তার অসুস্থতা জানতে পেরে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের গঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে তার পেডিয়াট্রিক লিজ়ারভ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর অনুরাগকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিষেক এক্স হ্যান্ডলে লিখেছেন, “অনুরাগ সুস্থ হয়ে উঠুক, দ্রুত হাঁটতে পারুক, দৌড়াতে পারুক এবং শৈশবের প্রতিটি মুহূর্ত ফিরে পেতে পারে।”
অস্ত্রোপচারের খরচ প্রায় ৬ লক্ষ টাকা হয়েছে। অনুরাগ বলে, “অভিষেক(Abhishek Banerjee) আঙ্কলকে ধন্যবাদ। আমি আবার বন্ধুদের সঙ্গে খেলতে পারব।” অনুরাগের মতো প্রিন্স দত্ত, মহম্মদ সাদাব সহ একাধিক রোগীরও প্লাস্টিক সার্জারি, মুখের ক্যান্সারের চিকিৎসা হয়েছে। ভিন রাজ্য থেকেও রেফার্ড কেসগুলিকে কলকাতার অ্যাপোলো ও জেএম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসা করা হয়েছে।
এইবারের শিবিরে আইসিইউ থেকে দ্বিতল মডেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বিশেষভাবে সক্ষম মানুষের জন্য ট্রাই–সাইকেল বিতরণ করা হয়েছে। অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এক অসাধারণ পথ চলা শেষ হল। সেবাশ্রয়–২ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও মানুষের প্রয়োজনে সেবাশ্রয় সবসময় শুরু হবে।”




