কলকাতা: ভোটের আবহে ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল সিঙ্গুর। জমি আন্দোলনের স্মৃতি বিজড়িত এই অঞ্চল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) বুধবার দুপুর ১টায় হুগলির সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে আয়োজিত জনসভা থেকে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সিঙ্গুর বেছে নেওয়ার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী অতীতের জমি আন্দোলনের আবেগকে আবারও সামনে আনতে চাইছেন। পূর্বেই জানানো হয়, প্রথম পর্যায়ে প্রায় ৫০০ কোটি টাকা এবং পরবর্তী পর্যায়ে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা রাজ্য সরকার এই প্রকল্পে ব্যয় করবে।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আরামবাগে এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেন। সেই কথা মতো বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চে উপস্থিত থাকবেন ঘাটালের সাংসদ দেব এবং রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া। ঘাটাল থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক।




