সিঙ্গুর: এসআইআর সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে উদ্বেগ ও আতঙ্ক ছড়াচ্ছে, তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে দেন ভুয়ো আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ টাকা পাঠানো এবং ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
বুধবার সিঙ্গুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেউ টাকা পাঠিয়ে দেয়, ভুলেও সেই টাকায় হাত দেবেন না।” তাঁর অভিযোগ, কিছু প্রাইভেট কোম্পানি ও অসাধু এজেন্সি সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য এই ধরনের কৌশল নিচ্ছে। এই টাকা ব্যবহার করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
ভোটের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, “বিহারে বলা হয়েছিল ১০ হাজার টাকা দেওয়া হবে। বাস্তবে মানুষ কী পেয়েছে?” তাঁর বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা মানুষের আবেগকে কাজে লাগানোর কৌশল মাত্র। তাই সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু বহিরাগত শক্তি পরিকল্পিতভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। কখনও এসআইআর, কখনও নাগরিকত্ব, আবার কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো বিষয় সামনে এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে দুর্বল করার চেষ্টা চলছে।”
এই পরিস্থিতিতে প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোথাও ভুয়ো কল, মেসেজ বা সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে কোনও সমস্যায় পড়লে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানাতে বলা হয়েছে।




