কলকাতা: বিচারপতি রাধাবিনোদ পালের(Radhabinod Pal) জন্মবার্ষিকীতে আন্তর্জাতিক আইনের এই দিকপালকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানের টোকিও সফরের সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে বিচারপতি পালের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি।
২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান সফরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরকালেই টোকিওতে অবস্থিত বিচারপতি রাধাবিনোদ পালের(Radhabinod Pal) স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি।
জন্মবার্ষিকীর দিনে সেই স্মৃতিই ফের তুলে ধরলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, বিচারপতি রাধাবিনোদ পাল ছিলেন আন্তর্জাতিক আইনের এক বিরল ব্যক্তিত্ব, যাঁর সাহসী অবস্থান ও নৈতিক স্পষ্টতা আজও বিশ্ব ইতিহাসে অনন্য। টোকিও ট্রায়ালে তাঁর নীতিগত ভিন্নমত ন্যায়বিচার ও স্বাধীন চিন্তার এক শক্তিশালী উদাহরণ হয়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অভিষেক আরও লেখেন, বাংলার এই কৃতী সন্তানের সমাধির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো তাঁর কাছে ছিল গভীর আবেগের মুহূর্ত। বিচারপতি পালের জীবন প্রমাণ করে, প্রকৃত মহত্ত্ব কেবল পদমর্যাদায় নয়, বরং প্রতিকূলতার মুখে বিবেককে অটল রাখার মধ্যেই নিহিত।
রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলের মতে, বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিচারপতি রাধাবিনোদ পালের দর্শন আরও বেশি প্রাসঙ্গিক। আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায় ও নীতির প্রশ্নে আপসহীন অবস্থান যে কতটা গুরুত্বপূর্ণ, তাঁর জীবন ও কাজ তারই উদাহরণ।




