নয়াদিল্লি: রাজ্য বিধানসভার সপ্তদশ অধিবেশন নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। শেষ মুহূর্তে সূচি বদলের ইঙ্গিত মিলতেই রাজ্য বাজেট কবে পেশ(Budget Presentation)হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির শেষ দিকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলেই খবর বিধানসভা সূত্রে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু, ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ এবং ৫ ফেব্রুয়ারি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হয়ে গিয়েছে, ২ ফেব্রুয়ারি বাজেট পেশ(Budget Presentation)করা হচ্ছে না। ফলে পুরো অধিবেশনই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হতে পারে। সেই অনুযায়ী বাজেট অধিবেশন চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ফলে রাজ্য রাজনীতিতে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সামনে বিধানসভা নির্বাচন থাকায় এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, বরং ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে। সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচনের আগে এই ধরনের বাজেট আনা হয়। নির্বাচনের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।
তবে শেষ বাজেট হওয়ায় রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেশি। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা, ভাতা এবং জনমুখী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। তাই বাজেট পেশের দিন পিছিয়ে যাওয়া রাজনৈতিক ও প্রশাসনিক দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ।
কিন্তু কেন হঠাৎ করে এই সূচি বদলের প্রয়োজন পড়ল, তা নিয়ে এখনও সরকারিভাবে কোনও ব্যাখ্যা মেলেনি। প্রশাসনিক মহলে এ নিয়ে একাধিক ব্যাখ্যা উঠে আসছে। একটি অংশের মতে, ফেব্রুয়ারি মাস জুড়ে শাসকদলের একাধিক বড় কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির সঙ্গে বিধানসভার সময়সূচি সমন্বয় করতেই অধিবেশন পিছিয়ে দেওয়ার ভাবনা।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফরও আলোচনার কেন্দ্রে। জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি তিনি দিল্লি যাচ্ছেন। এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। কবে তিনি রাজ্যে ফিরবেন, তা স্পষ্ট নয়। প্রশাসনিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বাজেট পেশ না করতেই অধিবেশন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।




