কলকাতা: মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে শান্তির বার্তা মমতার।(Mamata Banerjee)আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগেই ইচ্ছাকৃতভাবে পরিবেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কেউ কেউ। নির্বাচনের আগেই অশান্তি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাই এহেন পরিস্থিতিতে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। সেখান থেকেই রাজ্যবাসীকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন প্রশাসনিক প্রধান।(Mamata Banerjee)তিনি বলেন, ”আমাদের যদি ৩০ শতাংশ কমিউনিটির যদি কোনও লোক থাকে তাহলে ঝগড়া করলে রোড অবরোধ করে দেবে। এমনই ২৬ শতাংশ সিডিউল কাস্ট রয়েছে। ৬ শতাংশ আদিবাসী রয়েছে। আদিবাসী কিছু হলেই ট্রেন অবরোধ করে বসে যায়।”
তাঁর কথায়, ”আমি চাই সবাই একসঙ্গে মিলে মিশে থাকুক।” মমতা বলেন, ”কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভোটের জন্য। কিন্তু আমাদের থাকতে হয় ৩৬৫ দিন।” শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এই বাংলা সবার”।
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়েও ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বাংলায় ভিন রাজ্যের দেড় কোটি শ্রমিক কাজ করেন। কিন্তু এখানে কেউ তাঁদের সমস্যা করে না। কিন্তু আমাদের শ্রমিকরা যখন বাইরের রাজ্যে কাজ করতে চান তাঁদের উপর খুব অত্যাচার করা হচ্ছে।” এই মর্মে তিনি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার বার্তা দেন। পাশাপাশি, আগামীতে তাদের কাজের সুযোগ করে দেওয়ার কথাও জানান।




