কলকাতা: দিল্লি সফরের আগেই জোট-ঐক্যকে শক্তপোক্ত করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারেই নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। দুপুর ১টা নাগাদ নবান্নে মমতা-অখিলেশের বৈঠক(Akhilesh-Mamata Meet) হওয়ার কথা। পরে যৌথভাবে তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলেও জানা যাচ্ছে।
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই সস্ত্রীক কলকাতায় এসেছেন অখিলেশ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর, আইপ্যাক অফিসে ইডি হানা-সহ বঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কয়েকটি ইস্যুতে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ”বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা।” ছাব্বিশে ফের ‘দিদি’কেই বাংলার মসনদে দেখতে চেয়ে এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদীর পার্টির অখিলেশ যাদব।
ছাব্বিশের নির্বাচনে ‘দিদি’র প্রতি সমর্থন জানিয়ে অখিলেশ বলেছেন, ”পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা।” এরপরই মঙ্গলবার সকালে খবর মেলে, তিনি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক(Akhilesh-Mamata Meet) করতে চলেছেন। বৈঠকে জাতীয় স্তরে বিরোধী ঐক্যে আরও শান দেওয়ার বিষয়টিই মুখ্য বলে মনে করা হচ্ছে।




