কলকাতা: বিজেপিকে রুখতে একমাত্র সক্ষম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জোরালো দাবি রাখলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।(Akhilesh Yadav) মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই এহেন দাবি করলেন অখিলেশ। পাশাপাশি তাঁর বিশ্বাস বাংলায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
নবান্নে বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব(Akhilesh Yadav)একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা জানান, এদিন খুব অল্প সময় দু’জনের নবান্নে বৈঠক হয়েছে। সেখানেই অখিলেশ যাদব জানান, “বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই।” অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।
অখিলেশের বক্তব্যে এদিনও উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধারে প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গ। পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তাঁর মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেন’ ভুলতে পারেনি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন – এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির।
অখিলেশ বলেন, “দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।” বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এসআইআর-এর তীব্র বিরোধিতায় সরব হন অখিলেশ। সুর চড়ান বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অখিলেশের দাবি, “বাংলায় হারতে চলেছে বিজেপি। তাই ভোট কাটার জন্য এসআইআর। এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি।”




