হুগলি: কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলির রাস্তায় যানজট মোকাবিলার পাশাপাশি যাতায়াতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকার হুগলি নদীর বুকে আধুনিক যাত্রী টার্মিনাল(Modern Passenger Terminal) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে পরিবহণ দফতরের অধীন পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সূত্রে জানা গিয়েছে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে কলকাতা মেট্রোপলিটন অঞ্চলের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করা। সড়ক ও রেলপথের অতিরিক্ত চাপ কমিয়ে নদীপথকে একটি নিরাপদ, সুবিধাজনক এবং সাশ্রয়ী পরিবহণ মাধ্যম হিসেবে গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।
নির্মাণাধীন আধুনিক যাত্রী টার্মিনালে(Modern Passenger Terminal) যাত্রী ওঠানামার জন্য নিরাপদ ও প্রশস্ত জেটি থাকবে। এছাড়াও আধুনিক টিকিটিং ব্যবস্থা, আরামদায়ক অপেক্ষাকক্ষ, বসার পর্যাপ্ত জায়গা, শৌচাগার, পানীয় জল এবং পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নজরদারি ব্যবস্থা থাকবে। প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি প্রবেশপথ এবং সুবিধাজনক চলাচলের ব্যবস্থা থাকবে।
প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নদীতীর পরিকাঠামো উন্নয়ন। হুগলি নদীর নাব্যতা বজায় রাখা, নেভিগেশন সুবিধা উন্নত করা এবং জলযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আধুনিক টার্মিনাল চালু হলে দৈনন্দিন যাত্রী ওঠানামা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ কোটি ৬২ লক্ষ টাকা। কাজ শুরু হওয়ার পর ১৮ মাসের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং নির্মাণ ও পরবর্তী তদারকি সম্পূর্ণরূপে করবে পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
পরিবহণ দফতরের এক কর্মকর্তা জানান, নদীপথের মাধ্যমে যাতায়াত তুলনামূলকভাবে সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং নিরাপদ। আগামী দিনে জলপথকে একটি কার্যকরী দৈনন্দিন যাতায়াতের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




