কলকাতা: কমছে মেট্রোরেলের(Kolkata Metro)টিকিট কাউন্টার। কর্মী শূন্যতার জেরে এবার ১৫ বছর পরে চালু হতে চলেছে মেট্রোর রিটার্ন টিকিট। ৫টি মেট্রোরুটে শনিবারই চালু হচ্ছে এই রিটার্ন টিকিটের ব্যবস্থা। সরাসরি এন্ট্রি গেটে স্ক্যান করে মেট্রো পরিষেবা পাবেন, ফেরার সময়ে বুকিং কাউন্টারে যেতে হবে না।
কর্মী শূন্যতার জেরে মেট্রোরেলে টিকিট কাউন্টারের সংখ্যা কমছে। ফলে সিঙ্গল টিকিটের জন্য প্রায় প্রতিটি স্টেশনে যাত্রীদের লম্বা লাইন পড়ে। রিটার্নের সুবিধা চালু হওয়ায় আপ-ডাউন জার্নির টিকিটের জন্য এবার থেকে যাত্রীরা একবারই কাউন্টারমুখী হবেন। বর্তমানে কাজের দিনে প্রায় ৩০ শতাংশ মানুষ কিউআর কোডের টিকিটে মেট্রো সফর করেন। ফলে রিটার্ন টিকিট চালু হলে কাউন্টারের চাপ কমবে বলে আশাবাদী রেল।
২০১১ সালের ৩০ জুলাই স্ট্রিপের কাগুজে টিকিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর পয়লা অগস্ট মেট্রোরেলে(Kolkata Metro)টিকিট ব্যবস্থা বদলে যায় টোকেনে। যেখানে রিটার্ন টিকিটের সুবিধা ছিল না। পয়লা জানুয়ারি ২০২৫ থেকে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট চালুর পরও পুরনো সেই দাবি আমজনতার পূরণ হয়নি। ২০২৬ সালে হল। সেই কিউআর কোডের টিকিটেই মিলবে রিটার্ন যাত্রার বিশেষ সুবিধা।




