বর্ধমান: রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়ায় ও শুনানি(SIR Hearing) কেন্দ্রে ভোটারদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ফরাক্কা, চাকুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপও নিয়েছে। এবার এসআইআর নিয়ে বিক্ষোভের সূত্রপাত বর্ধমানে। রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
বারবার ডেকে হয়রানি করা হচ্ছে! এসআইআর-এর শুনানি(SIR Hearing) নিয়ে অভিযোগ তুলে ফের অশান্ত রাজ্য। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এহেন অভিযোগ তুলে এবার বর্ধমান স্টেশনে বিক্ষোভ। হাতে জাতীয় পতাকা নিয়ে রেল অবরোধ স্থানীয়দের। আটকে পড়ে লোকাল ট্রেন। আধ ঘণ্টার উপরের বেশি সময় কয়েকটি ট্রেন আটকে থাকে। যদিও পরে ছন্দে ফেরে রেল চলাচল।
শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে স্থানীয় বাসিন্দারা হাতে জাতীয় পতাকা নিয়ে স্টেশনে প্রবেশ করেন। স্টেশনের ভিতর বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধুন্ধুমার বাধে। লাইনে নেমে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। আটকে পড়ে অনেকগুলি ট্রেন। এক বিক্ষোভকারীর কথায়, “আমরা স্থানীয় বাসিন্দা। বাংলাদেশি ধরার নামে, আমাদের হেনস্তা করা হচ্ছে কেন? বারবার একই কাজ করতে হচ্ছে। আমরা এসব মেনে নেব না।” বিক্ষোভের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




