হাড়োয়া: একই পরিবারের ৫জনকে এসআইআর শুনানিতে(SIR Hearing) ডাক। বুধেই যাওয়ার কথা। কিন্তু শুনানিতে যাওয়ার আগেই এসআইআর আতঙ্কের জেরে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। এই ঘটনার জেরে রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পূর্ব মাদারতলা গ্রানের বাসিন্দা সহর আলি মণ্ডল। ৬৭ বছর বয়সী সহর আলি ও ছেলেদের-সহ আরও পাঁচজনকে এসআইআর শুনানিতে(SIR Hearing) ডাকা হয়। সেই নোটিস পাওয়ার পর থেকেই বৃদ্ধ আতঙ্কে ভুগছিলেন! ছেলেদের ভোটার লিস্টে নাম থাকবে তো? পরিবারকে কোনও সমস্যা পড়তে হবে না তো? সেসব প্রশ্ন তাঁকে ভাবাচ্ছিল। ছেলেদের কীভাবে বাঁচানো যায়? সেই বিষয়েও দুশ্চিন্তা করছিলেন! বেশ কয়েক দিন ধরেই তিনি আতঙ্কিত হয়েছিলেন বলে পরিবারের দাবি।
বুধবার ওই পরিবারের পাঁচ সদস্যকে শুনানির জন্য ডাকা হয়েছে। তার আগে মঙ্গলবার রাতে সহর আলি মণ্ডল অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতেই তিনি মারা যান! এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। অভিভাবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস-বিজেপি রাজনৈতিক তরজা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
হাড়োয়া স্থানীয় তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল বলেন, “একের পর এক মানুষের মৃত্যু ঘটছে এই এসআইআর আতঙ্কে। অবিলম্বে এসআইআর বন্ধ হওয়া উচিত। না হলে আমরা আরও বহু মানুষের মৃত্যু দেখতে পাব চোখের সামনে। এসআইআর নিয়ে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে রাজনীতি শুরু করেছে।”




