কলকাতা: মাঘে শীতের দাপট অব্যাহত থাকলেও চলতি মরশুমে কিন্তু অন্যরূপ আবহাওয়ার। মাঘ মাসের প্রথমেই শীত প্রায় ছুটি নিয়েছে। ভোরে ঠাণ্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়তেই শীত উধাও। হাওয়া অফিসের(Meteorological Department) পূর্বাভাস, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটিই স্বাভাবিকের চেয়ে বেশি। বুধবার থেকে উষ্ণতা আরও বাড়বে। অর্থাৎ এবার লেপ, কম্বল, সোয়েটার তুলে রাখার পালা।
মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। বুধবার থেকে তা আরও বাড়বে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।(Meteorological Department) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ৭দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, পাঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বুধবার। সকাল-সন্ধ্যায় হালকা ও মাঝারি কুয়াশা, সঙ্গে শীতের আমেজ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যত শীত উধাও। উর্ধ্বমুখী পারদ। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। পরের কয়েকদিন তা একই রকম থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রার হেরফের সেরকম নেই।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচদিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। কলকাতা-সহ বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। কলকাতা ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে বেশি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বুধ এবং বৃহস্পতিবার আরও অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।




