ডায়মন্ড হারবার: সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে দ্বিতীয় বছরেও সাফল্যের সঙ্গে আয়োজন করা হয়েছে ‘সেবাশ্রয়’ শিবির।(Sebaashray 2) মঙ্গলবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে সেবাশ্রয়-২ শিবিরের কার্যক্রম পরিদর্শন করবেন। এদিন ছিল শিবিরের ৪৭তম দিন।
মানুষের দৈনন্দিন জীবনে জমে থাকা ছোট ছোট সমস্যাগুলিকে দ্রুত সমাধান করে তাঁদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ‘সেবার মাধ্যমে কঠিন বাধা অতিক্রম’— এই বার্তাকে সামনে রেখে নিজের লোকসভা কেন্দ্রে দ্বিতীয় বছরের জন্য এই বৃহৎ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত বছরের ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারে শুরু হয় সেবাশ্রয়ের দ্বিতীয় পর্যায়।(Sebaashray 2) এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণ, আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা, রেশন কার্ড সংশোধন, আধার আপডেট, জন্ম ও মৃত্যুর শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, পেনশন, বিধবা ভাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৩১টি পৃথক শিবিরের মাধ্যমে ৫৬২৯ জনকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
সাধারণ মানুষের বিপুল সাড়া ও আগ্রহের কারণে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয়-২ শিবির চলবে বলে জানানো হয়েছে। প্রতিদিন সকাল থেকেই ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন তাঁদের সমস্যা নিয়ে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ এক জায়গায় সহজেই মিটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন বহু মানুষ।
মঙ্গলবার দুপুরে শিবিরে গিয়ে পরিষেবা প্রদানের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিবিরে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন তিনি। কোথাও কোনও পরিষেবায় ঘাটতি রয়েছে কি না, কোনও নাগরিক হয়রানির শিকার হচ্ছেন কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখবেন সাংসদ নিজে।




