কলকাতা: মাঘ মাসের শুরু থেকেই শীত যেন ছুটি নিয়েছে। ঠাণ্ডার দাপট আর নেই। শীতের আমেজও নিতে পারছেন না বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সোমবার থেকে তাই উর্ধ্বমুখী পারদ। আগামী দু’দিনে উষ্ণতা আরও অন্তত ২,৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।(Weather Update)
সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও। দক্ষিণবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশা থাকতে পারে খুব সকালে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়।
জানানো হয়েছে, কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আজ থেকে কমবে শীতের আমেজ। তবে সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস।(Weather Update)
হাওয়া অফিস জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে রাজ্য সংলগ্ন এলাকায়। পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখাতে চলেছে সোম এবং বুধবার। কোমোরিন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে অবস্থান করছে আরও তিনটি ঘূর্ণাবর্ত।




