কলকাতা: মাধ্যমিক পরীক্ষার একেবারে প্রাক্কালে রাজ্যজুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা(Secondary Examination) ২০২৬, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর রাজ্যের প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছে। অথচ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই বড় সংকটে পড়েছে স্কুল শিক্ষা দফতর।
বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে চলছে এসআইআর বা সার্ভে, ইনফরমেশন অ্যান্ড রেকর্ড প্রক্রিয়া। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় বহু সাব ইন্সপেক্টর অফ স্কুল এবং শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। অথচ এই আধিকারিক ও শিক্ষকরা প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় সেন্টার ইনচার্জ, ভেন্যু ইনচার্জ সহ নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলে থাকেন।
এই পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, বহু জেলায় সাব ইন্সপেক্টর অফ স্কুলদের এআইআরও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বহু শিক্ষক বিএলও হিসেবে কাজ করছেন। অথচ এই দুই শ্রেণির আধিকারিকরাই মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রশাসনিক ব্যবস্থাপনার মূল স্তম্ভ। এদিনের বৈঠকের পরে নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দফতর।
ফলে পরীক্ষার(Secondary Examination) সময় তাঁরা যদি এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত থাকেন, তাহলে পরীক্ষা পরিচালনার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রবল। এই পরিস্থিতি সামাল দিতে স্কুল শিক্ষা দফতর নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।




