কলকাতা: নিপা ভাইরাস(Nipah Virus) নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে স্পষ্ট জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। শুক্রবার রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিকদের পাঁচ সদস্যের চিকিৎসক দল নিপা সংক্রমণ প্রতিরোধে একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইডলাইনে বলা হয়েছে, মানব শরীরের বাইরে নিপা ভাইরাস বেশিক্ষণ বাঁচতে পারে না। সাধারণত এই ভাইরাসের আয়ু পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ দু’ঘণ্টা পর্যন্ত। তীব্র রোদে ভাইরাস দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়।
বর্তমানে রাজ্যে সরকারি ভাবে নিপা আক্রান্ত দু’জন রোগীর সন্ধান মিলেছে। তাঁদের শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর। সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নিপা(Nipah Virus) আক্রান্ত হলে অবশ্যই ২১ দিনের নিভৃতবাসে থাকতে হবে। পাশাপাশি যাঁরা আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন, তাঁদেরও ২১ দিন কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপসর্গ না থাকলেও এই সময়সীমা মানা বাধ্যতামূলক।
গাইডলাইনে আরও বলা হয়েছে, শুধুমাত্র যাঁরা দীর্ঘক্ষণ নিপা আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই ঘরে খুব কাছাকাছি থেকেছেন, তাঁরা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবেন। এই সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্যকর্মীরা দিনে দু’বার ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেবেন।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিপা সংক্রমণ রুখতে বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধানতা জরুরি। বাদুড় বা অন্য কোনও পশুর কামড় দেওয়া ফল কোনও অবস্থাতেই খাওয়া যাবে না। বিশেষ করে খেজুর রস এই সময়ে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পেয়ারা, লিচু জাতীয় ফল খাওয়ার ক্ষেত্রেও ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন।
চিকিৎসকদের মতে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, বমি ভাব, শ্বাসকষ্ট, এমনকি এনসেফেলাইটিস বা মস্তিষ্কে সংক্রমণও হতে পারে। তাই কোনও উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।




