হরিদ্বার: পবিত্রতা রক্ষায় হরিদ্বারে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে শোনা যাচ্ছিল আগে থেকেই। এবার সামনে এল একটি বিতর্কিত পোস্টার।(Poster) হর কি পৌরিতে টাঙানো হল একটি পোস্টার, যাতে লেখা ‘অহিন্দু প্রবেশ নিষেধ ক্ষেত্র’। যা ঘিরে চর্চা শুরু হয়েছে।
এমনকী শুধুমাত্র গঙ্গা মন্দিরে নয়, হর কি পৌরি সংলগ্ন এলাকাতেও ওই পোস্টার(Poster) টাঙিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, হর কি পৌরি ও সংলগ্ন ঘাটগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গঙ্গা সভাই এই পোস্টার টাঙিয়েছে।
আগামী বছরের অর্ধকুম্ভের আগেই হর কি পৌরি এলাকায় অহিন্দুদের প্রবেশ নিষেধ করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা সভা। এই ব্যাপারে ভাবনাচিন্তা করছে উত্তরাখণ্ড সরকারও।
এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, দু’জন তরুণ আরব মুসলিমদের মতো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন হর কি পৌরিতে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। কিন্তু পরে জানা যায়, ওই দুই তরুণ আদপে হিন্দু। এবং তাঁরা নিজেদের ইউটিউব চ্যানেলের শুটিং করতে এসেই এই পোশাক পরেছিলেন।
এরপর গঙ্গাসভার তরফে সমস্ত সরকারি বিভাগ, অন্য সংগঠন ও সংবাদমাধ্যমগুলির কাছে আর্জি জানায়, তারা যেন তাদের অহিন্দু কর্মীদের এই এলাকায় না পাঠায়। এলাকার শুদ্ধতা বজায় রাখার জন্যই তা দরকার বলে দাবি করা হয়েছে।
এপ্রসঙ্গে জানিয়ে রাখা যাক, ১৯১৬ সালের হরিদ্বার পুরসভা আইন অনুসারে ওই অঞ্চলের অহিন্দুদের প্রবেশ নিষেধ। কিন্তু এতদিন তা বলবৎ করা হয়নি। হঠাৎ কেন তা লাগু করতে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।




