কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় নিপা ভাইরাসের(Nipah Virus) ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শহরের মধ্যে একমাত্র বাদুড়ের ডেরা থাকার কারণে চিড়িয়াখানায় রাজ্য জু অথরিটি এখন বিশেষ নজরদারি চালাচ্ছে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস(Nipah Virus) একটি ‘জুনোটিক ভাইরাস’, অর্থাৎ এটি পশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। প্রধান সংক্রমণ উৎস হলো বাদুড়। আলিপুর চিড়িয়াখানায় প্রচুর ফলের গাছ রয়েছে, যেখানে বাদুড়েরা বাস করে এবং নিয়মিত ফল খায়। এই কারণে সংক্রমণের ঝুঁকি কমাতে এখন থেকেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
এখন চিড়িয়াখানায় পর্যটনের মরশুম চলছে। প্রতিদিন হাজার হাজার দর্শক চিড়িয়াখানায় আসেন। সঙ্গে রয়েছে বহু কর্মী, যারা নিয়মিত চিড়িয়াখানার বিভিন্ন কাজ পরিচালনা করেন। এই পরিস্থিতিতে ঝুঁকি কমাতে বিশেষভাবে বানর, শিম্পাঞ্জি এবং অন্যান্য সংবেদনশীল প্রাণীদের রক্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্মীদের জন্য স্বাস্থ্যবিধি জারি করেছে। গাছ থেকে পড়ে থাকা ফল যাতে কেউ স্পর্শ না করে তা নিশ্চিত করতে বলা হয়েছে। দর্শকদেরও অনুরোধ করা হচ্ছে যে তারা খাঁচায় বাইরে থেকে কোনো খাবার যেন না দেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাদুড়ের খাওয়া ফলের সঙ্গে যদি অন্য ফল মিশে যায়, তাহলেও ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই চিড়িয়াখানার আবাসিক প্রাণীদের জন্য বাইরে থেকে আনা সবজি ও ফল আগে ভালোভাবে ধুয়ে কেটে দেওয়া হচ্ছে। এই নিয়ম আরও কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিড়িয়াখানায় পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও কর্মীর মধ্যে জ্বর, সর্দি বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।




