বারাসাত: সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে আয়োজিত হচ্ছে বহুচর্চিত ‘রণসংকল্প সভা’। বারাসাত কাছারি ময়দানকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। শহরের রাস্তাঘাট, মোড় ও বাজার এলাকা জুড়ে শোভা পাচ্ছে ঘাসফুলের পতাকা, ব্যানার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল কাটআউট।
নদিয়া জেলায় সংগঠনের শক্তি প্রদর্শনের পর এবার উত্তর ২৪ পরগনাকেও তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাইছে দলীয় নেতৃত্ব। সেই লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির জন্য বারাসাতকে বেছে নেওয়া হয়েছে। জেলা নেতৃত্বের মতে, এই সভা থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা ও রণকৌশল ঘোষণা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার লক্ষাধিক কর্মী-সমর্থক।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ সভাস্থলে পৌঁছনোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।(Abhishek Banerjee) তাঁকে এক নজর দেখার জন্য সকাল থেকেই শহরে মানুষের ঢল নামতে পারে বলে প্রশাসনের অনুমান। সেই কারণেই বারাসাত শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল আটটা থেকে শহরে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যানজট এড়াতে একাধিক রুটে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবার জন্য আলাদা করিডোর রাখা হয়েছে।
সভাস্থলের বাইরেও শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। যাতে সভায় প্রবেশ করতে না পারলেও সাধারণ মানুষ দূর থেকেই নেতার বক্তব্য শুনতে ও দেখতে পারেন। প্রশাসনের মতে, সোমবার গোটা বারাসাত কার্যত জনসমুদ্রে পরিণত হতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়কপথেই বারাসাতে আসবেন এবং ফিরবেন। তাই তাঁর যাত্রাপথে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী ও ট্রাফিক কর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা।
তৃণমূল সূত্রে খবর, এই সভা থেকেই উত্তর ২৪ পরগনায় সংগঠন আরও মজবুত করার নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরের কর্মীদের আরও সক্রিয় করতে তিনি বিশেষ বার্তা দিতে পারেন বলেও জল্পনা।




