কলকাতা: বেলডাঙার শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ চরমে পৌঁছয়। ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবার এই ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ফোন করে দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপিশাসিত ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিক ‘খুনে’ ফুঁসছে মুর্শিদাবাদের বেলডাঙা। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধ করে চলছে প্রতিবাদ। শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনা নিয়ে উদ্বেগ ও ক্ষোভপ্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ফোন করেন। বেলডাঙার পরিযায়ী ‘খুনে’ পুলিশি তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে কোনও খামতি রাখা হবে না। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
বিজেপিশাসিত ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন বাংলার যুবক আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা তিনি। বছর পাঁচেক আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে। আতঙ্কের কথা বাড়ির লোককে ফোনে বলেওছিলেন আলাউদ্দিন।
শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ। বাংলাদেশি দাগিয়ে তাঁকে খুন করা হয়েছে, এমন অভিযোগ তুলেছে মৃতের পরিবার। এরপরেই বেলডাঙায় শুরু হয় প্রতিবাদ, আন্দোলন। যুবকের মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। বেলডাঙা স্টেশনে আটকে দেওয়া হয় ট্রেন। তার ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা।
‘খুনের’ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার আবেদন করেছেন তিনি। এদিকে দুপুরের দিকে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের সঙ্গে কথা হয় বিক্ষোভকারীদের। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের এক সদস্যের সরকারি চাকরি এবং আর্থিক সাহায্যের আশ্বাসে অবস্থান বদল করেন আন্দোলনকারীরা।




