কলকাতা: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি(Chief Justice) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে ঐতিহ্যবাহী লাল পোশাকে শপথবাক্য পাঠ করেন তিনি। দীর্ঘ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর পর এবার স্থায়ীভাবে দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাসম্পন্ন আদালতের শীর্ষ আসনে বসলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানান। এক্স -এ মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি(Chief Justice) হিসেবে শপথ গ্রহণ করায় বিচারপতি সুজয় পালকে আন্তরিক অভিনন্দন। বিচার বিভাগের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে স্বাগত জানাই।”
এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর অবসর গ্রহণের পর বিচারপতি সুজয় পালকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে তাঁকেই স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, হাইকোর্টের বিচারপতি, সিনিয়র আইনজীবী ও আদালতের আধিকারিকরা। ঐতিহ্য মেনে লাল পোশাকে শপথ নিতে দেখা যায় নতুন প্রধান বিচারপতিকে।




