পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে একযোগে বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধনের পর বৃহস্পতিবার মেদিনীপুরে সভা করেন তিনি।
সভা থেকেই অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, “সব পাপের হিসাব হবে। তালিকা তৈরি আছে। এক এক করে নাম পড়ব। বিজেপির দাদারা ভেবেছে বাঁচাবে।”
বিজেপির বিধায়কদের প্রসঙ্গে তিনি বলেন, “এখানে বিজেপির দু’জন বিধায়ক আছেন। দু’জনেই তৃণমূলে আসতে চেয়েছিলেন। কিন্তু আমরা নিইনি। তৃণমূল কোনও সন্ত্রাসীর আশ্রয়স্থল নয়।”
এনআরসি ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করে অভিষেক(Abhishek Banerjee) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলায় এনআরসি হবে না। একটি লোকের নামও বাদ যেতে দেব না।”
বাংলাদেশে পাঠানোর অভিযোগ তুলে তিনি বলেন, “৭০-৮০ বছর পর বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে নাগরিকত্ব প্রমাণ করাতে চাইছে বিজেপি। লর্ড কার্জনের মতো অমিত শাহও বাংলায় টিকতে পারবে না।”
সিপিএমকে কটাক্ষ করে অভিষেক বলেন, “৩৪ বছর মানুষকে বোমা-বন্দুকের নিচে রেখেছে ওরা। এখন পরিবর্তনের কথা বলছে! বোতল বদলেছে, মদ সেই পুরনো।”
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “দেব সংসদে বারবার দাবি তুলেছে। শেষে তৃণমূলই টাকা দিচ্ছে, অথচ বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।”
বুথ কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক বলেন, “বুথই লড়াইয়ের ময়দান। মানুষের নাম বাদ দিতে দেব না। অন্যায় দেখলে রুখে দাঁড়াবেন, আমি আপনাদের পাশে থাকব।”
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন, “মায়েরা শপথ নিন—ভোটে বিজেপিকে খাঁচায় বন্দি করবেন।”
সভা শেষে অভিষেক জানান, আগামী নির্বাচনে মেদিনীপুর ও খড়গপুর জেতানোই তাঁর প্রধান লক্ষ্য




